ত্রিশালে জারি গানের আসরে জনতার ঢল, ঐতিহ্য ফেরাতে ব্যতিক্রমী আয়োজন

মাহমুদুল হাসান, ময়মনসিংহ

প্রকাশ: ২০:২৫, ২২ অক্টোবর ২০২৬

ত্রিশালে জারি গানের আসরে জনতার ঢল, ঐতিহ্য ফেরাতে ব্যতিক্রমী আয়োজন

আধুনিক বিনোদনের ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির অন্যতম অনুষঙ্গ জারি গান। সেই হারানো ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়েছে ১৩টি দলের অংশগ্রহণে বিশাল জারি গানের আসর। প্রাণবন্ত এ আয়োজনে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় দুটি গরু ও একটি ছাগল।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ত্রিশাল উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নের কাকচর পশ্চিমপাড়া আদর্শ বাজারে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। গ্রামীণ জনপদে লোকসংস্কৃতির আবহ ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মের মধ্যে জারি গানের প্রতি আগ্রহ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খোকন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, গান ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের আয়োজন শুধু বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে না, বরং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করে এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ায়।

স্থানীয় বাসিন্দারা জানান, একসময় গ্রামবাংলার বিভিন্ন এলাকায় নিয়মিত জারি গানের আসর বসত। এসব আসর ছিল মানুষের বিনোদন, মিলনমেলা ও লোকজ সংস্কৃতিচর্চার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সময়ের পরিবর্তন ও আধুনিক বিনোদনের বিস্তারে ঐতিহ্যবাহী এ গানের চর্চা অনেকটাই কমে গেছে। ফলে নতুন প্রজন্মের অনেকেই জারি গানের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে না।

তাদের মতে, কাকচর পশ্চিমপাড়ার এ আয়োজন গ্রামীণ সংস্কৃতিকে নতুন করে জাগিয়ে তোলার একটি ইতিবাচক উদ্যোগ। এমন আয়োজন নিয়মিত হলে একদিকে যেমন হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্য সংরক্ষণ করা সম্ভব হবে, অন্যদিকে তরুণ প্রজন্মও নিজস্ব সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

জারি গানের সুরে মুখরিত এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় মানুষের প্রত্যাশা—আধুনিকতার সঙ্গে তাল মিলিয়েও বেঁচে থাকুক বাংলার নিজস্ব সংস্কৃতি, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক গ্রামবাংলার ঐতিহ্যবাহী জারি গান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন