শেয়ারবিজনেস ডেস্ক
প্রকাশ: ২২:০০, ২৩ অক্টোবর ২০২৬
নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা ভোট কারচুপি হলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
শফিকুর রহমান বলেন, ‘এবার আমাদের স্পষ্ট ঘোষণা—বাড়াবাড়ি করলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব। কাউকে কোনো বাড়াবাড়ি করতে দেওয়া হবে না। আর কোনো চোরকে ভোট চুরি করতে দেওয়া যাবে না।’
তিনি বলেন, দেশ ও দেশের মানুষ কোনো রাজনৈতিক দলের একক সম্পত্তি নয়। জনগণই নির্ধারণ করবে কারা দেশ পরিচালনা করবে এবং সমাজের নেতৃত্ব দেবে।
জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে দলটির আমির বলেন, জনগণের মধ্যে জামায়াতের প্রতি আস্থা বাড়ছে। তাই প্রতিটি এলাকায় দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসন্ন নির্বাচনে ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়ার পাশাপাশি ভোট গণনা শেষে জনগণের প্রত্যাশা অনুযায়ী ফলাফল নিশ্চিত করার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, মেয়র ও কাউন্সিলর পদে যোগ্য প্রার্থী দিতে হবে। কোনো পদ বা এলাকায় দুর্বল প্রার্থী দেওয়া কিংবা প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ছেড়ে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সমাজে অবিচার ও অনিয়ম হলে জামায়াত নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। নিয়মতান্ত্রিকভাবে রাজপথে প্রতিবাদ জানানো হবে। মানুষের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান জামায়াত আমির।