ডুবুরি না থাকায় ধুনটে ৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

আশেকে এলাহী শিবলী - ধুনট (বগুড়া) প্রতিনিধি:

প্রকাশ: ২০:১২, ২৩ অক্টোবর ২০২৬

ডুবুরি না থাকায় ধুনটে ৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

বগুড়ার ধুনটে ফুফুর বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে গোসল করতে নেমে ডুবে জান্নাতি আক্তার (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পানিতে ডুবে যাওয়ার পর স্থানীয়রা মাছের জাল দিয়ে খোঁজার চেষ্টা করেন, পরবর্তীতে প্রায় আট ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে।

নিহত জান্নাতি আক্তার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের জাকির হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দাদা-দাদির সঙ্গে জান্নাতি নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সকাল ৮টার দিকে দাদা-দাদি বাড়ি ফিরে গেলেও সে ফুফুর বাড়িতেই থেকে যায়। কিছুক্ষণ পর সে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের বালুয়াখালে গোসল করতে নামে। এ সময় পানির স্রোতে সে তলিয়ে যায়।

সঙ্গে থাকা সহপাঠীদের একজন দৌড়ে বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয়রা ছুটে এসে খালে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর দেওয়া হয় ধুনট ফায়ার সার্ভিসে। তবে ধুনট ফায়ার স্টেশনে ডুবুরি দল না থাকায় রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে জান্নাতির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন