নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৩১, ২৪ অক্টোবর ২০২৬
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৫ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪ জন। আর গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ ধরনের রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫১ জনের। ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৩২৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হলেও নিশ্চিত হাম থেকে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১১৮ জন এবং নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে ১০৪ জনের মৃত্যু হয়েছে।