সাঈদীর মামলার বাদী মানিক পশারীর গার্ড অব অনার নিয়ে বিতর্ক

‎জাকির ফরাজী, ‎পিরোজপুর:

প্রকাশ: ২০:০১, ২৪ অক্টোবর ২০২৬

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর গার্ড অব অনার নিয়ে বিতর্ক

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ গার্ড অব অনার দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পিরোজপুর জেলা সাধারণ জনতার বিরুদ্ধে। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে মরদেহ নেওয়ার পর এ নিয়ে জটিলতা তৈরি হয়। পরে বিকেল ৫টার দিকে পুলিশ লাইনসের ভেতরে গোপনে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। নিজ এলাকায় তাঁর মরদেহ দাফন নিয়েও বাধার আশঙ্কা প্রকাশ করেছে পরিবার।
‎
‎মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের তথ্য অনুযায়ী, গত দুই মাস ধরে অসুস্থ থাকার পর শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের জামাতার বাড়িতে তাঁর মৃত্যু হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি সেখানে আশ্রয় নিয়েছিলেন।
‎
‎পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার জন্য তাঁর মরদেহ সদর উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হয়। তবে সেখানে বাধার মুখে পড়তে হয় তাঁদের। পরে কয়েক ঘণ্টা অপেক্ষার পর বিকেল ৫টার দিকে পুলিশ লাইনসের ভেতরে গার্ড অব অনার দেওয়া হয় এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

‎এদিকে তার জন্য পারিবারিকভাবে কবর খনন‌ করা হয়,তার গ্রামের বাড়ি চিথলিয়া গ্রামের ৪ নং ওয়ার্ড,কিন্তু এক ঘণ্টার মধ্যেই  সাধারণ জনতা ওই কবরকে আবার মাটি দিয়ে ভরাট করে দেন।
‎
‎মানিক পশারীর মেয়ের জামাতা ফারুক হোসেন অভিযোগ করে বলেন, ‘সকাল ১০টায় তিনি মারা যান। দুপুর ১২টায় আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আসি। গার্ড অব অনারের কথা বলে আমাদের বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করানো হয়।  মরদেহ দাফনের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো দায়িত্ব নেওয়া হয়নি। আমরা এখন দাফন নিয়ে চিন্তিত।’
‎
‎অন্যদিকে, পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে বলেন, তাঁকে কোনোভাবেই গার্ড অব অনার দিতে দেওয়া হবে না এবং পিরোজপুরের মাটিতে তাঁর মরদেহ দাফন করতে দেওয়া হবে না।
‎
‎পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
‎
‎পিরোজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়েছে।
‎
‎মানিক পশারী মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন