নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৩৪, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রীবরদী থানার তাতিহাটি পশ্চিম নয়াপাড়া এলাকায় পাকা সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব প্রসাধনী উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রসাধনীর একটি চালান পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোভ্যান থামিয়ে তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৫ হাজার ২৭০ পিস গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ভিটামিন সি+ সিরাম ক্রিম এবং ৩ হাজার ৭২ পিস জনসনস বেবি ফেস অ্যান্ড বডি ক্রিম উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রসাধনীর মোট আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৪১ হাজার ১৬০ টাকা।
এ ঘটনায় ভ্যানচালক শাহিনুর রহমানকে গ্রেফতার করা হয়। পাশাপাশি চোরাচালানের কাজে ব্যবহৃত অটোভ্যান ও তার হেফাজতে থাকা একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এসআরবি আরও জানায়, অভিযানের সময় অটোভ্যানটিকে পাহারা দিয়ে নিয়ে আসা আরও দুই ব্যক্তি এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেল ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। পলাতক দুজন হলেন উজ্জল (২৭) ও মোঃ আলমাছ (৩৬)। তারা দুজনই শেরপুর জেলার বাসিন্দা।
গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা আলামত শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।