রিয়াজ উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: ১৯:২৫, ২৪ অক্টোবর ২০২৬
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের জেলেপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৬টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ঘরবাড়ি হারিয়ে বিপাকে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ৫৩টি পরিবারকে নগদ অর্থসহায়তা দিয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদ
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ২টার দিকে কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের জেলেপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, রান্নাঘরের চুলা থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে ৩৬টি পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭০ লাখ টাকা। আগুনে বসতঘর হারিয়ে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে, শনিবার (২৪ অক্টোবর) উপজেলার কৈয়ারবিল ও আলী আকবর ডেইল ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩টি পরিবারের মাঝে নগদ অর্থসহায়তা বিতরণ করেন সংসদ সদস্য আলমগীর মুহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তিনি এ সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কুতুবদিয়ার সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আহমদ চৌধুরী, সদস্যসচিব এম এ সালাম কুতুবী, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার কামাল এবং কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম।
এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রায়হান, উপজেলা যুবদলের সদস্যসচিব জাহেদ খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম কুতুবীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।