সরাইলে বাস-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১২ জন

ইয়াছিন মাহমুদ(ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ১৯:৩০, ২৪ অক্টোবর ২০২৬

সরাইলে বাস-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১২ জন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও অন্তত-১২ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার-(২৪ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়া এলাকার আবু বক্করের ছেলে সৌরভ-(৩২) এবং রংপুর সদর উপজেলার হরকলি চৌরাপাড়া এলাকার মুমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সিলেটের দিকে যাচ্ছিল। পথে বেড়তলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি আইল্যান্ড বা সড়ক বিভাজকের ওপর উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। পরবর্তীতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মৃত্যু হয়। 

এ ছাড়া মারাত্মক আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সকালে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে রাখা রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যান উদ্ধার ও জব্দ করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের টিম কাজ করছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন