অভিযান হয়, আশ্বাস মেলে ডিআইইউ ক্যান্টিনে বদলায় না কিছুই

ডিআইইউ প্রতিনিধি :

প্রকাশ: ২১:০৮, ২৫ অক্টোবর ২০২৬

অভিযান হয়, আশ্বাস মেলে ডিআইইউ ক্যান্টিনে বদলায় না কিছুই

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনে খাবারের মান ও পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ যেন থামছেই না। ক্যান্টিনের অব্যবস্থাপনা দূর করে ১০ কর্মদিবসের মধ্যে যুগান্তকারী পরিবর্তন আনার আশ্বাস দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। তবে সেই আশ্বাসের পরও ক্যান্টিনের খাবারে পোকা পাওয়ার অভিযোগ উঠেছে। এতে খাবারের মান, পরিচ্ছন্নতা ও শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়ার ঘটনা সামনে আসে। এর আগে গত ২০ মে প্রক্টরিয়াল টিমের আকস্মিক অভিযানের সময় শিক্ষার্থীরা ক্যান্টিনের অব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

ওই দিন শিক্ষার্থীদের অভিযোগ শুনে প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, ক্যাফেটেরিয়ার বিষয়ে বোর্ড অব ট্রাস্টির নির্দেশনা রয়েছে। ঈদুল আজহার ছুটির পর ক্যাম্পাস খুললে ১০ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

তবে কয়েক মাস পরও খাবারে পোকা পাওয়ার অভিযোগ ওঠায় প্রশাসনের নেওয়া পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, বিভিন্ন সময়ে প্রক্টরিয়াল টিম অভিযান চালালেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। ফলে একই ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

এক শিক্ষার্থী বলেন, বিভিন্ন সময়ে আমরা দেখি, প্রক্টরিয়াল টিম ক্যান্টিনে অভিযান চালায়। কিন্তু বাস্তবতা হলো, এর কোনো প্রপার সমাধান হচ্ছে না। বিভিন্ন সময় কোনো না কোনো শিক্ষার্থী খাবারে পোকা পাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, অভিযানের নামে প্রক্টরিয়াল টিম শিক্ষার্থীদের সঙ্গে একপ্রকার চোর-পুলিশ খেলেছে। তারা কী ধরনের অভিযান চালায়, তা নিয়ে বরাবরই প্রশ্ন থেকে যায়। এসব অভিযানের কোনো সুফল আসছে বলে আমার মনে হয় না। শুধু ক্যান্টিনের বিষয়েই নয়, প্রক্টরিয়াল টিমের নানা ধরনের কর্মকাণ্ডেও ব্যর্থতার বিষয়টি লক্ষ্য করা যায়।

শিক্ষার্থীদের এমন অভিযোগে ক্যান্টিনের অব্যবস্থাপনা দূর করতে প্রক্টরিয়াল টিমের অভিযান ও প্রশাসনিক উদ্যোগের কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তাঁদের মতে, সাময়িক অভিযান পরিচালনার পাশাপাশি সমস্যার মূল কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

ক্যান্টিনের খাবারে পোকা পাওয়ার ঘটনা শুধু খাবারের মান নিয়েই নয়, বরং পরিচ্ছন্নতা, খাবার প্রস্তুত ও সংরক্ষণব্যবস্থা এবং নিয়মিত তদারকি নিয়েও প্রশ্ন তুলেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। তাই অভিযোগের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ১০ কর্মদিবসের মধ্যে পরিবর্তন আনার যে আশ্বাস দেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন কতটা হয়েছে? ক্যান্টিনের পরিবেশ ও খাবারের মান নিশ্চিত করতে প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে, আর নতুন অভিযোগের পরই বা কী ব্যবস্থা নেওয়া হবে এসব প্রশ্নের উত্তর জানতে চান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের প্রত্যাশা, শুধু অভিযান ও আশ্বাসে সীমাবদ্ধ না থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যান্টিনের অব্যবস্থাপনা দূর করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন