মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি
প্রকাশ: ২০:০৯, ২৫ অক্টোবর ২০২৬
১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় অংশগ্রহণকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রায় ৩০০ শিক্ষার্থীর যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাস ট্রিপ চালুর আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
রোববার (২৫ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মূল চালিকাশক্তি শিক্ষার্থীরা। বিচার বিভাগসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইবি শিক্ষার্থীদের ক্রমাগত সাফল্য বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করে আসছে। আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ১৯তম বিজেএস পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছেন।
এতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা মসৃণ হলে তাঁরা শতভাগ মনোযোগ দিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন। শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ ধাপে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি বিশেষ বাস ট্রিপ চালুর আহ্বান জানানো হয়।