নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:২৯, ২৫ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. এসিন মিয়া ওরফে ইয়াছিনকে (২৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টা ৫০ মিনিটে কিশোরগঞ্জ সদরের আমরিতলা মনিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে সিপিসি-২, এসআরবি-১৪-এর একটি দল।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। তিনি কিশোরগঞ্জ সদর থানার মনিপুরঘাট (চুলিপাড়া) এলাকার মতিউর রহমানের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জ সদর থানার মাদক মামলার (নং ৩৬(৫)২৪, জিআর-২৩৬/২৪) দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ইয়াছিন। সাজা হওয়ার পর তিনি পলাতক ছিলেন এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।