ট্রলার ডুবিতে স্ত্রী-কন্যা হারানো শংকরের পাশে প্রশাসন, কর্মসংস্থানের আশ্বাস

মো. ‎ফরিদ আহমেদ, নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯:১৯, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:২১, ২১ অক্টোবর ২০২৬

ট্রলার ডুবিতে স্ত্রী-কন্যা হারানো শংকরের পাশে প্রশাসন, কর্মসংস্থানের আশ্বাস

‎পিরোজপুরের নেছারাবাদে কালিগঙ্গা নদীতে ট্রলারডুবিতে স্ত্রী ও মেয়েকে হারানো শংকর বেপারীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। উপজেলা প্রশাসন ও প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে পরিবারটিকে প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি শংকরের কর্মসংস্থান ও স্থানীয়ভাবে ব্যবসার সুযোগ সৃষ্টির আশ্বাস দেওয়া হয়েছে।

‎বুধবার (২১ অক্টোবর) বিকেলে শোকাহত পরিবারের খোঁজখবর নেওয়া ও সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ জানান, উপজেলা প্রশাসন পরিবারটির পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

‎এর আগে সোমবার রাত ৯টার দিকে নেছারাবাদ ও নাজিরপুর উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকর বেপারীর স্ত্রী রীনা বেপারী (৩৯) ও মেয়ে আদ্রিতা বেপারী (৯) নিহত হন। 
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, ৫০ জনের বেশি যাত্রী ও ছয়টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি ঘাটের উদ্দেশে রওনা হয়েছিল। অতিরিক্ত যাত্রী ও মালামালের চাপে ভারসাম্য হারিয়ে ঘাট ছাড়ার পরপরই ট্রলারটি ডুবে যায়। অধিকাংশ যাত্রী তীরে উঠতে পারলেও নিখোঁজ হন শংকরের স্ত্রী ও মেয়ে।

‎উদ্ধার অভিযান চালিয়ে শিশু আদ্রিতার মরদেহ পাওয়া যায়। বুধবার সকাল ৯টার দিকে নাজিরপুরের মধুরাবাদ এলাকায় কালিগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় রীনা বেপারীর মরদেহ উদ্ধার করা হয়। তার দেবর মিন্টু বেপারী মরদেহ শনাক্ত করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন