সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য: সাতক্ষীরায় স্বাস্থ্যকর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ

এস কে রবিউল ইসলাম, খুলনা

প্রকাশ: ১৮:৫৮, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:০১, ২১ অক্টোবর ২০২৬

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য: সাতক্ষীরায় স্বাস্থ্যকর্মকর্তার বিরুদ্ধে ক্ষোভ

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মিজানুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা একটি আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে জেলা জুড়ে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে দেওয়া ওই স্ট্যাটাসে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক সমাজসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

​সম্প্রতি ডা. মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমার মনে হয় কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী।’

​একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা ও চিকিৎসকের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। পোস্টটি নিয়ে স্থানীয় সংবাদকর্মী ও সাধারণ ব্যবহারকারীরা তীব্র আপত্তি জানান। বিতর্ক ও সমালোচনা বাড়তে থাকলে পরবর্তীতে পোস্টটি ডিলিট করা হয় কিংবা টাইমলাইন থেকে সরিয়ে ফেলা হয়।

​এ বিষয়ে জেলায় কর্মরত একাধিক গণমাধ্যমকর্মী ক্ষোভ প্রকাশ করে জানান, ডা. মিজানুর রহমানের মন্তব্যটি শুধু আপত্তিকরই নয়, বরং সমগ্র সাংবাদিক সমাজকে হেয় প্রতিপন্ন করার শামিল। সরকারি চাকরির আচরণবিধি লঙ্ঘন করে একজন উচ্চপদস্থ কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে জনমনে বিভ্রান্তি ছড়াতে পারেন না। তারা অবিলম্বে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

​ঘটনার বিষয়ে বক্তব্য জানতে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

​তবে বিষয়টি নিয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আবদুস সালাম বলেন, “একজন দায়িত্বশীল চিকিৎসক ও সরকারি কর্মকর্তা হয়ে সাংবাদিকদের নিয়ে কখনোই এমন মন্তব্য করা উচিত নয়। বিষয়টির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​এদিকে, বিষয়টি ছড়িয়ে পড়ার পর জেলা স্বাস্থ্য বিভাগসহ ঊর্ধ্বতন মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সচেতন মহলের মতে, দায়িত্বশীল পদে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাকসংযম বজায় রাখা অত্যন্ত জরুরি। বিতর্কিত এই মন্তব্যের নিরপেক্ষ প্রশাসনিক তদন্ত ও দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন জেলার সাংবাদিক সমাজ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন