রাজধানীর হাজারীবাগে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের সেন্ট্রাল সর্টিং সেন্টারে (ওয়্যারহাউজ) হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে প্রতিষ্ঠানটির এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগের ম্যানেজার আফসার উদ্দিন বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতপরিচয় ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে হাজারীবাগ থানার মেন্ডি ডেন্টাল কলেজ রোডসংলগ্ন কুরিয়ার সার্ভিসটির ওয়্যারহাউজে হামলার ঘটনা ঘটে। মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ৭০ থেকে ৮০ জন ব্যক্তি হামলা ও ভাঙচুরে অংশ নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, এ সময় কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা ও সার্ভার রুমসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। পাশাপাশি সিসকো কোর, রাউটার, এনভিআর, মনিটর ও ল্যাপটপসহ প্রায় ৩১ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় বুধবার রাতে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগের ম্যানেজার আফসার উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন।
তিনি জানান, মামলায় অজ্ঞাতপরিচয় ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে।
