দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:৪৬, ১৯ অক্টোবর ২০২৬

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ

অস্ত্র প্রদর্শনের কারণে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগকে যথেষ্ট মনে করেন না এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আইন শৃঙ্খলার জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে না। দেশবাসী তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের কাজ না করে সংবিধান নিয়ে ব্যস্ত।

দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্র পূর্ব বাড্ডা নিমতলা কালী মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেছেন বিরোধীদলীয় চিফহুইপ নাহিদ ইসলাম। তিনি সাংবাদিকদের বলেছেন, অস্ত্র প্রদর্শন করে ইশরাক হোসেন ফৌজদারী অপরাধ করেছেন। আইন প্রয়োগকারী সংস্থাকে এর ব্যবস্থা নিতে হবে। এর রাড্ডা হাসপাতাল গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এক ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনা মতো দেশ চলছে। যা গণতন্ত্র আইনের শাসনের উদাহরণ নয়।

বিরোধী দল সংবিধান সংশোধনে সহযোগিতা করছে না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এই অভিযোগে নাহিদ বলেছেন, সংবিধান সংশোধন কমিটির নামে সরকার নাটক করছে। এ কমিটিকে এ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। দলীয় সুশীল বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বৈঠক করছে। তাদের দিয়ে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কার এর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে।

পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারের ব্যর্থতায় ইশরাকের হাতে অস্ত্র

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় ইশরাক হোসেনকে অস্ত্র হাতে নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা ইশরাক-কাণ্ডের মধ্য দিয়ে আবার সামনে এসেছে। মাদক যেসব সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে, তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নিতে হবে।

ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, ভুগলেন ইশরাক

ইশরাক হোসেনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাকে দায়ী করেছেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

তিনি বলেন, মাদক নির্মূলে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ফাঁদে পড়েছেন ইশরাক। সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন সেই পাপের ভোগান্তিতে পড়েন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন