আল আমিন, সোহরাওয়ার্দী কলেজ
প্রকাশ: ২৩:০৩, ১৯ অক্টোবর ২০২৬
বন্ধু মানেই হাসি-আনন্দ, আড্ডা-মাস্তি আর বিপদে-আপদে পাশে থাকার বিশ্বস্ত একজন মানুষ। সময়ের স্রোতে অনেক বন্ধু হারিয়ে যায়, তবু হৃদয়ে রয়ে যায় তাদের সঙ্গে কাটানো স্মৃতি। সেই স্মৃতিমাখা হৃদয় নিয়েই জীবনের প্রয়োজনে কখনো কখনো তৈরি করতে হয় নতুন বন্ধু। শুরু হয় নতুন অভিজ্ঞতা, নতুন সম্পর্ক আর বন্ধুত্বের নতুন পথচলা।
আজ ১৯ অক্টোবর, নতুন বন্ধু দিবস। নতুন করে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা এবং পুরোনো বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার বার্তা নিয়ে এসেছে দিনটি।
বন্ধুত্ব মানবজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কর্মক্ষেত্র, চায়ের আড্ডা কিংবা খেলার মাঠ, কত জায়গায়, কতভাবেই না গড়ে ওঠে বন্ধুত্বের বন্ধন। আবার ব্যস্ততা, দূরত্ব কিংবা ভুল-বোঝাবুঝির কারণে অনেক বন্ধুত্বে তৈরি হয় বিচ্ছেদ। কখনো হারিয়ে যায় প্রিয় মানুষ, থেমে যায় একসঙ্গে পথচলা। তবু পুরোনো বন্ধুর সঙ্গে কাটানো মুহূর্তগুলো থেকে যায় স্মৃতির পাতায়, ভালোবাসায় মোড়ানো এক সোনালি অধ্যায় হয়ে।
জীবনের বিভিন্ন পর্যায়ে, কর্মক্ষেত্রে কিংবা নতুন পরিবেশে তৈরি হয় নতুন বন্ধুত্ব। তবে নতুন বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কিছুটা সতর্কতাও প্রয়োজন। কারণ, ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব কখনো কখনো জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই নতুন সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি মানুষকে বোঝা এবং বিশ্বাস অর্জনের সুযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ।
বন্ধুত্ব নিয়ে প্রচলিত একটি ইংরেজি গানের বাংলা ভাবার্থ হলো, ‘নতুন বন্ধু তৈরি করো, তবে পুরোনো বন্ধুদেরও ধরে রেখো; একজন রুপার মতো, অন্যজন সোনার মতো।’ কথাটির মধ্যেই ফুটে ওঠে বন্ধুত্বের গভীর তাৎপর্য। জীবনের প্রয়োজনে কিংবা স্থান পরিবর্তনের কারণে নতুন বন্ধু তৈরি হতেই পারে, কিন্তু সে কারণে পুরোনো বন্ধুদের ভুলে যাওয়া উচিত নয়। তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতা ধরে রাখাই প্রকৃত বন্ধুত্বের পরিচয়।
হলিডে ক্যালেন্ডারের তথ্যানুযায়ী, ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালনের উদ্যোগ শুরু হয় এবং ২০০৭ সালে প্রথমবারের মতো এটি পালিত হয়। পরে ২০১২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দিবসটি আরও জনপ্রিয়তা লাভ করে।
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং বন্ধুত্ব গড়ে তোলা আগের তুলনায় অনেক সহজ হয়েছে। তবে ভার্চুয়াল পরিচয়ের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও আন্তরিকতার মাধ্যমে বন্ধুত্বকে অর্থবহ করে তোলাই গুরুত্বপূর্ণ।
নতুন বন্ধু দিবস হতে পারে নতুন কারও সঙ্গে পরিচিত হওয়ার, পুরোনো কোনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ শুরু করার কিংবা বন্ধুত্বের পুরোনো বন্ধন আরও দৃঢ় করার উপলক্ষ। তাই আজকের দিনে নতুন বন্ধুকে স্বাগত জানানোর পাশাপাশি পুরোনো বন্ধুদেরও জানানো যেতে পারে ভালোবাসা ও কৃতজ্ঞতা। কারণ, জীবনে নতুন বন্ধু যেমন নতুন অভিজ্ঞতার দুয়ার খুলে দেয়, তেমনি পুরোনো বন্ধুর স্মৃতি ও ভালোবাসা হয়ে থাকে চিরচেনা এক আশ্রয়।