প্রযুক্তি ও এআই নিয়ে এআইইউবিতে আন্তর্জাতিক সম্মেলন

মোহাম্মদ মুবাশ্বির রহমান, এআইইউবি প্রতিনিধি

প্রকাশ: ২২:২৫, ১৭ অক্টোবর ২০২৬

প্রযুক্তি ও এআই নিয়ে এআইইউবিতে আন্তর্জাতিক সম্মেলন

কম্পিউটিং প্রযুক্তির নতুন সম্ভাবনা, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নিয়ে গবেষণা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্টস (আইসিসিএ) ২০২৬’।

১৫ ও ১৬ অক্টোবর এআইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত সম্মেলনটির প্রতিপাদ্য ছিল ‘এজ অব কম্পিউটিং অ্যান্ড অগমেন্টেড লাইফ’। এতে কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে গবেষণার ফলাফল, নতুন ধারণা এবং প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন দেশি-বিদেশি গবেষক ও শিক্ষাবিদেরা।

সম্মেলনে অংশগ্রহণের জন্য ১৭টি দেশ থেকে ৯০০টির বেশি গবেষণাপত্র জমা পড়ে। পর্যালোচনা শেষে এর মধ্যে ২১৪টি গবেষণাপত্র উপস্থাপনার জন্য নির্বাচিত হয়। নির্বাচিত গবেষণাগুলোর বিষয়বস্তুর মধ্যে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস, সাইবার নিরাপত্তা, তথ্যবিজ্ঞান ও ব্লকচেইন প্রযুক্তি।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদিন।

দুই দিনের কর্মসূচিতে ছিল ছয়টি মূল প্রবন্ধ উপস্থাপনা, বিভিন্ন কারিগরি অধিবেশন এবং গবেষণাপত্র উপস্থাপনা। এসব অধিবেশনে কম্পিউটিং প্রযুক্তির অগ্রগতি, ডিজিটাল শিক্ষার নতুন পদ্ধতি, সংযুক্ত প্রযুক্তিব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে গবেষণালব্ধ ধারণা তুলে ধরা হয়।

সম্মেলনের বিশেষ আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগোর দ্য ডিজাইন ল্যাবের প্রতিষ্ঠাতা পরিচালক (ইমেরিটাস) অধ্যাপক ডন নরম্যান। ‘ডিজাইন ফর আ বেটার ওয়ার্ল্ড: হিউম্যানিটি-সেন্টারড ডিজাইন ইন দ্য এজ অব এআই’ শীর্ষক আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়ে প্রযুক্তি নকশার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

দ্বিতীয় দিনে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য ফিউচার অব ওয়ার্ক, বিজনেস অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক প্যানেল আলোচনায় কর্মক্ষেত্র, ব্যবসা ও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির পরিবেশে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং মানুষের সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব ছিল আলোচনার অন্যতম বিষয়।

আয়োজকদের লক্ষ্য, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে গবেষকদের মধ্যে যোগাযোগ বাড়ানো, নতুন গবেষণার ক্ষেত্র তৈরি করা এবং একাডেমিক প্রতিষ্ঠান ও প্রযুক্তিশিল্পের মধ্যে সহযোগিতা জোরদার করা। আইসিসিএ ২০২৬-এ বিভিন্ন দেশের গবেষণাপত্র উপস্থাপনার মধ্য দিয়ে কম্পিউটিং ও তথ্যপ্রযুক্তিতে আন্তর্জাতিক জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন