অনাবাসিক শিক্ষার্থীদের হয়রানি বন্ধে ইবি ছাত্রশক্তির ৩ দফা দাবি

মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি

প্রকাশ: ২২:৫৭, ১৯ অক্টোবর ২০২৬

অনাবাসিক শিক্ষার্থীদের হয়রানি বন্ধে ইবি ছাত্রশক্তির ৩ দফা দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পার্শ্ববর্তী এলাকার মেসগুলোতে শিক্ষার্থীদের আবাসন সংকট, অন্যায্য ভাড়া আদায় ও হয়রানি বন্ধে তিন দফা দাবি জানিয়েছে ইবি শাখা জাতীয় ছাত্রশক্তি।

সোমবার (১৯ অক্টোবর) শাখা জাতীয় ছাত্রশক্তির দপ্তর সেল সদস্য রাফিদ জাবির অর্ণবের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব দাবি জানায় সংগঠনটি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আশপাশের মেসগুলোতে বাধ্যতামূলক অবস্থানের শর্ত, অতিরিক্ত ভাড়া আদায় ও মেস মালিকদের অসহযোগিতামূলক আচরণের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ও মানসিক স্বস্তি ব্যাহত হচ্ছে। উচ্চশিক্ষার জন্য আসা শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব। আবাসন সংকটকে পুঁজি করে শিক্ষার্থীদের আর্থিক শোষণ ও হয়রানি বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সংগঠনটির তিন দফা দাবির মধ্যে রয়েছে, মেসে ভাড়া নেওয়ার ক্ষেত্রে তিন বা ছয় মাস অবস্থানের বাধ্যতামূলক শর্ত বাতিল এবং অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি বন্ধ করা। নিরাপত্তার স্বার্থে মেস মালিকরা সর্বোচ্চ এক মাসের অগ্রিম ভাড়া নিতে পারবেন বলে প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

দ্বিতীয় দাবিতে বলা হয়, প্রতিটি মেসে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের জরুরি যোগাযোগ নম্বর সংরক্ষণ এবং মেস মালিকদের হটলাইন নম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সংরক্ষণের কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তৃতীয় দাবিতে শিক্ষার্থীদের হয়রানি ও চুক্তিবহির্ভূত আচরণের অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয়ে একটি সেল গঠনের কথা বলা হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী দ্রুত প্রতিকার ও শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় ছাত্রশক্তি জানায়, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন শিক্ষার্থীদের মৌলিক অধিকার। তাই ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে দ্রুত এ সংকট সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন