জিহাদুল ইসলাম, যাত্রাবাড়ী
প্রকাশ: ১৫:৪৮, ১৭ অক্টোবর ২০২৬
দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র এবং পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)। বিএনপির ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দেশ ও জাতির বিরুদ্ধে চলমান যেকোনো গভীর চক্রান্ত ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা দেশের সচেতন সমাজ কোনোভাবেই মেনে নেবে না। জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সব ধরনের অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া হবে।
জেটেব-এর সর্বস্তরের নেতাকর্মী ও প্রকৌশলীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তারা যেকোনো চক্রান্ত ও বিশৃঙ্খলা মোকাবিলায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সোচ্চার থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।