মোঃআহছান উল্লাহ,কুমিল্লা
প্রকাশ: ২১:১৭, ১৫ অক্টোবর ২০২৬
আজ ১৫ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়,কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারির গাড়ি ভাঙচুরের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও রাজনৈতিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অব্যাহতির বিষয়ে বক্তব্য জানতে কুমিল্লা মহানগর এবি পার্টির সদ্য অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি।তাঁর বক্তব্য না পাওয়ায় এই বিষয়ে তাঁর ব্যক্তিগত অবস্থান জানা সম্ভব হয়নি।
কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ সামদানী এবি পার্টির নাম,পদবি বা প্রতীক ব্যবহার করে কোনো প্রকার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।একই সঙ্গে দলের পক্ষে কোনো বক্তব্য বা বিবৃতি প্রদান থেকেও তাঁকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিটিতে স্পষ্ট করা হয় যে,এই অন্তর্বর্তীকালীন সময়ে তাঁর ব্যক্তিগত কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের দায় এবি পার্টি বহন করবে না।
দলের গঠনতন্ত্র অনুযায়ী কুমিল্লা মহানগর শাখার সাংগঠনিক গতিশীলতা ও কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য শীঘ্রই একজন 'ভারপ্রাপ্ত আহ্বায়ক' নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এবি পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব বিজ্ঞপ্তিতে জোর দিয়ে উল্লেখ করেন,এবি পার্টি রাজনৈতিক শিষ্টাচারপারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী। অন্য কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধে যুক্ত হওয়া বা পক্ষপাতিত্ব করা দলের নীতি ও আদর্শের পরিপন্থী।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সকল পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ সচেতনতা,সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।