গুলশানের ’পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:২৫, ১৫ অক্টোবর ২০২৬

গুলশানের ’পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা

রাজধানীর গুলশান-১ এলাকায় অবস্থিত ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পাত্রে মসলা ও আচার সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ না থাকায় এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রেস্টুরেন্টটিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।

অভিযান সূত্রে জানা যায়, পরিদর্শনকালে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে নোংরা অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া রান্নার মসলা ও আচার লেবেলবিহীন, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নন-ফুডগ্রেড পাত্রে সংরক্ষণ করতে দেখা যায়।

অভিযানের সময় রেস্টুরেন্টটির ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, কর্মীদের স্বাস্থ্য সনদ এবং পানি পরীক্ষার সনদও পাওয়া যায়নি।

এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত ছিল।

আরও পড়ুন