ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২০:২৫, ১৫ অক্টোবর ২০২৬
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের মামলায় আকিদুল শেখ (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে আসামির উপস্থিতিতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া।
দণ্ডপ্রাপ্ত আকিদুল শেখ আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২০ জুন সকাল ১০টার দিকে আলফাডাঙ্গা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রী স্কুলে যাচ্ছিল। বৃষ্টির পানি জমে থাকায় রাস্তায় চলাচলে অসুবিধা হচ্ছিল তার। এ সময় আকিদুল তাকে রাস্তা পার করে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলে। পরে রাস্তার পাশের একটি বাঁশবাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়।
ঘটনার পর রক্তাক্ত অবস্থায় শিশুটি বিদ্যালয়ে পৌঁছে শিক্ষকদের বিষয়টি জানায়। পরে শিক্ষকেরা তার পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের সদস্যরা প্রথমে তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ২০২১ সালের ২১ জুন শিশুটির বাবা আকিদুল শেখের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া জানান, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আকিদুল শেখকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার পর পুলিশি পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।