শাহাদত হোসেন, রাজশাহী
প্রকাশ: ২০:৩৬, ১৫ অক্টোবর ২০২৬
রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন তারাপুর গ্রাম থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল চুরির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ ১৫ অক্টোবর ভোর ৪টা ১৫ মিনিটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ১. মোঃ মোজাম্মেল হক (৩২), পিতা মোঃ মোসলেম উদ্দিন, গ্রাম চামটা, থানা চারঘাট, ২. মোঃ সোহান রহমান (২৩), পিতা মোঃ আঃ কুদ্দুস, গ্রাম গন্ডগোহালী জামতলা, থানা পুঠিয়া, ৩. মোঃ রুবেল আহমেদ (৩৮), পিতা মোঃ আকবর আলী, গ্রাম বারই পাড়া, থানা পুঠিয়া এবং ৪. মোঃ শাহাদাত হোসেন (৫২), পিতা মৃত দুলু প্রামানিক, গ্রাম তারাপুর, থানা পুঠিয়া।
এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ১টি iPhone 15 Pro Max, ৩০০ ইউএস ডলার, ১টি লাগেজ, ১টি ম্যাসেজ বেড, ৪টি প্লাস্টিকের বক্স, নগদ ৮ হাজার টাকা, তালা ভাঙার যন্ত্রপাতি ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর বিসিবি ডিভিশন ক্রিকেট টিমের ৫৪টি লাগেজ ভর্তি কাভার্ড ভ্যান ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। ১৪ অক্টোবর ভোর আনুমানিক ৪টা ২৫ মিনিটে নাটোর হরিশপুর বাইপাস থেকে রাজশাহীর পথে রওনা করার পর নাটোরের তেবাড়িয়া রেলগেটে গাড়ির গতি কমলে কয়েকজন দুর্বৃত্ত গাড়িতে ওঠে।
পরে ভোর ৫টা ৫ মিনিটে পুঠিয়ার তারাপুর মোড়ে চলন্ত অবস্থায় তালা ভেঙে ৮টি লাগেজ চুরি করে নিয়ে যায়। বিষয়টি পেছনের গাড়ির চালক কাভার্ড ভ্যান চালককে জানালে তিনি গাড়ি থামিয়ে তালা ভাঙা দেখতে পান। পরে রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভারভিউতে পৌঁছে বিকেএসপির সদস্যদের বিষয়টি জানান।
এ ঘটনায় এস এম মেহেরব হাসান রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১১১৬) করেন।
এর পরিপ্রেক্ষিতে রাজশাহীর পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের দিক নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই মেহেদী হাসানসহ একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহীতে ২টি, টাঙ্গাইলে ২টি ও নাটোরে ১টি মামলা রয়েছে। এ ঘটনায় পুঠিয়া থানায় মামলা নং-০৭, ধারা-৪৬১/৩৭৯ রুজু করা হয়েছে।