ত্রিশালে সোহেল হত্যা: ১৫ বছর পর বাবা-ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন

আশিকুর রহমান, ত্রিশাল

প্রকাশ: ১৮:৫৪, ১৫ অক্টোবর ২০২৬

ত্রিশালে সোহেল হত্যা: ১৫ বছর পর বাবা-ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের ত্রিশালে জমি নিয়ে বিরোধের জেরে সোহেল হত্যা মামলায় বাবা-ছেলেসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক ফারজানা আহমেদ এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ত্রিশাল উপজেলার কাহিহারী ইউনিয়নের বাগাদাড়িয়া গ্রামের আব্দুল সাত্তার বেপারী, তাঁর দুই ছেলে আলমগীর হোসেন আলম বেপারী ও রনি বেপারী এবং একই এলাকার আশিকুর রহমান আশিক। রায় ঘোষণার সময় আদালতে শুধু আব্দুল সাত্তার উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৮ মে জমির ধান নিয়ে বাড়ি ফেরার পথে আসামিদের সঙ্গে সোহেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশি অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত সোহেলকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সোহেলের বাবা আব্দুল সালাম বেপারী ২০১১ সালের ২ জুন ত্রিশাল থানায় ২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

তবে আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহত সোহেলের পরিবার।

আরও পড়ুন