মোঃ আনোয়ার হোসাইন, জামালপুর
প্রকাশ: ১৮:৪৬, ১৫ অক্টোবর ২০২৬
জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে জাল মার্কিন ডলার, আসল ডলার, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন মেইন রোড এলাকার দেওয়ানগঞ্জ পশ্চিমপাড়ায় প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কুতুবেরচর এলাকার তালুকদারের ছেলে মো. হযরত আলী (৩০) এবং একই এলাকার মো. জলিল মোল্লার ছেলে মো. নজরুল ইসলাম (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শাহজাহান মিয়া ও এসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম। এ সময় সাথে থাকা সঙ্গীয় পুলিশ সদস্যরা প্রতারকদের ঘেরাও করে তাদের হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন মানের বিপুল পরিমাণ জাল মার্কিন ডলার উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে— ৫০০ ডলারের ১০০টি জাল নোট, ১০০ ডলারের ১০০টি জাল নোট, ৫০ ডলারের ৯৮টি জাল নোট, ১ ডলারের ৯৮টি জাল নোট এছাড়া প্রতারণাকাজে ব্যবহৃত ১টি পুরাতন কালো রঙের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানের সময় উদ্ধারকৃত জাল ডলারের সাথে কিছু আসল ডলারও উদ্ধার ও জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
জামালপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোছা. ফারহানা ইয়াসমিন জানান, অবৈধ প্রতারক চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থান ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় তিনি সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চক্রটির সাথে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।