নাহিদ ইসলাম

ছাত্র-জনতা জীবন না দিলে তারেক রহমান দেশে ফিরতে পারতেন না

শান্ত মিয়া, জাজিরা (শরীয়তপুর)

প্রকাশ: ১৫:৪৮, ১৩ অক্টোবর ২০২৬

ছাত্র-জনতা জীবন না দিলে তারেক রহমান দেশে ফিরতে পারতেন না

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ এবং দেশে বিএনপির বর্তমান কর্মকাণ্ডের কারণে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতিতে দেশে এখনো কাঙ্ক্ষিত শান্তি ফিরে আসছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এমপি।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপি শরীয়তপুর জেলা শাখা আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এই নাগরিক সভার আয়োজন করা হয়।

​বক্তব্যে এনসিপি প্রধান অভিযোগ করে বলেন, "আওয়ামী লীগের সাথে গোপন আঁতাত করে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন স্বৈরাচার ও চাঁদাবাজ একত্রিত হয়ে দেশ ধ্বংসের নীলনকশা তৈরি করছে।"

​বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, "ছাত্র-জনতা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ফিরতে পারতেন না।" সাবেক সরকারের অর্থ পাচারকারীদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা দখল নিয়েছে বলেও তিনি অভিযোগ আনেন।

​নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে নাহিদ ইসলাম বলেন, "গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন স্তরে সিন্ডিকেট গড়ে ওঠার কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বী, যার মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে।"

​তিনি আরও জোর দিয়ে বলেন, তারেক রহমানকে তাঁর দল বিএনপির ভেতরে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের অবিলম্বে চিহ্নিত করে বহিষ্কার করতে হবে; তা না হলে তাঁর কোনো শুভ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এ সময় প্রশাসনকে অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে জনগণের স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

​সভায় বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, "জুলাই আন্দোলনের পর বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে নির্বাচিত হলে আমরা ভেবেছিলাম তারা সমগ্র বাংলাদেশের মানুষের সরকার হবে। কিন্তু সারের ডিলারশিপ ও বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যোগ্যতা বা অভিজ্ঞতার চেয়ে এমপির স্বজনদের প্রাধান্য দেওয়া হচ্ছে। বিএনপি দলীয় গণ্ডির বাইরে বের হতে পারেনি।"

​শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব সবুজ তালুকদারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিক শক্তির সদস্য সচিব ঋজু মোর্শেদ এবং কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন বক্তব্য দেন। এছাড়া জেলা যুবশক্তির আহ্বায়ক কাউসার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিনসহ নারীশক্তি ও শ্রমিকশক্তির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা দেশের বর্তমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও বাজার সিন্ডিকেট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এসব সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের নিরপেক্ষতা ও রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানান।

আরও পড়ুন