ফরিদপুর মেডিকেলে পদবির বাইরে দায়িত্ব, দুদকের অভিযান

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩:০০, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:০১, ১৩ অক্টোবর ২০২৬

ফরিদপুর মেডিকেলে পদবির বাইরে দায়িত্ব, দুদকের অভিযান

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাবুর্চির সহকারী হিসেবে কর্মরত এক ব্যক্তির ওয়ার্ড বয়ের দায়িত্ব পালনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান টিম। সোমবার (১২ অক্টোবর) হাসপাতালটিতে অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানোর সময় ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়। তবে প্রাথমিকভাবে তাঁর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

অভিযান চলাকালে ওই ব্যক্তি নিজেই দুদকের টিমের কাছে জানান, তিনি বাবুর্চির সহকারী হিসেবে কর্মরত থাকলেও ওয়ার্ড বয়ের দায়িত্ব পালন করছেন। হাসপাতালের জনবল ব্যবস্থাপনা ও দায়িত্ব বণ্টন নিয়ে এ ঘটনায় প্রশ্ন উঠেছে।

সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম।

দুদক সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে রোগীদের চিকিৎসাসেবা নিতে গিয়ে হয়রানির শিকার হওয়া, দালাল চক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পাঠানো, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগে অর্থ আত্মসাৎ এবং সরকারি ওষুধ বাইরে বিক্রিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগীদের চিকিৎসাসেবা পেতে হয়রানি, দালাল চক্রের মাধ্যমে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো, আউটসোর্সিং নিয়োগে অনিয়ম এবং ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হয়।

আরও পড়ুন