লোডশেডিংয়ে বিপর্যস্ত পুঠিয়া, ভোগান্তিতে জনজীবন

শাহাদত হোসেন, রাজশাহী

প্রকাশ: ২৩:০৬, ১৪ অক্টোবর ২০২৬

লোডশেডিংয়ে বিপর্যস্ত পুঠিয়া, ভোগান্তিতে জনজীবন

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন পুঠিয়া (রাজশাহী) উপজেলায় ঘন্টায় ঘন্টায় লোডশেডিংয়ের নামে চলছে চরম প্রহসন। অভিযোগ উঠেছে, শুধু রাতে নয়, আজ সারাদিন ধরেও ইচ্ছামত বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছে।

এর ফলে সারাদিন পরিশ্রম করা খেটে খাওয়া মানুষ রাতে একটু শান্তিতে ঘুমাতে পারছেন না। স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়াশোনা পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম। দিনের বেলায় লোডশেডিংয়ের কারণে ব্যাংক ও অফিসের কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।

সবচেয়ে বেশি কষ্টে আছে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা। ৫০ শয্যার হাসপাতাল হলেও ভর্তি আছে ৯০ জনের উপরে রোগী। দিনে-রাতে ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ যাওয়ায় অতিরিক্ত গরমে রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন।

এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিসিয়াল শিটে আজ ১৪ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৭টার সময় যে তথ্য দেওয়া হয়েছে তা হলো:

হরিশপুর গ্রীডে চাহিদা ৮০ মেগাওয়াট, প্রাপ্তি ৪০ মেগাওয়াট, ঘাটতি ৪০ মেগাওয়াট, লোডশেডিং ৫০ শতাংশ।

কাটাখালী গ্রীডে চাহিদা ৭৫ মেগাওয়াট, প্রাপ্তি ৪০ মেগাওয়াট, ঘাটতি ৩৫ মেগাওয়াট, লোডশেডিং ৪৬.৬৭ শতাংশ।

মোট চাহিদা ১৫৫ মেগাওয়াট, মোট প্রাপ্তি ৮০ মেগাওয়াট, মোট ঘাটতি ৬৫ মেগাওয়াট (৪৯.৬২ শতাংশ)। তথ্যটি নিশ্চিত করেছেন জিএম (চঃদাঃ) টি এম মেসবাহ উদ্দীন।

এই বিশাল ঘাটতির বলি হচ্ছে পুঠিয়ার সাধারণ মানুষ। ভুক্তভোগী পুঠিয়াবাসীর প্রশ্ন, এই ভোগান্তির শেষ কোথায়?

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন