দুর্গাপূজা উপলক্ষে জলঢাকায় পুলিশের মহড়া, নিরাপত্তা জোরদার

মোঃরাজু মিয়া সোহাগ (নীলফামারী)

প্রকাশ: ১৯:৩০, ১৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে জলঢাকায় পুলিশের মহড়া, নিরাপত্তা জোরদার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নীলফামারীর জলঢাকায় পুলিশের টহল ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলমের নেতৃত্বে এ মহড়া শুরু হয়। এ সময় জলঢাকা পৌরসভা এলাকায় টহল দেওয়ার পাশাপাশি উপজেলার কৈমারী, শৌলমারী ও ডাউয়াবাড়ী ইউনিয়নে পুলিশের সদস্যরা মহড়া পরিচালনা করেন। পরে সন্ধ্যা ৭টার দিকে মহড়া শেষ করে পুলিশ সদস্যরা জলঢাকা থানায় ফিরে যান।

মহড়া চলাকালে দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ বিষয়ে জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন, “শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও নজরদারি অব্যাহত থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা চলাকালে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি অব্যাহত রাখা হবে।

আরও পড়ুন