লালমনিরহাটে ১৬২ মন্দিরে চাল-উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৩৭, ১৫ অক্টোবর ২০২৬

লালমনিরহাটে ১৬২ মন্দিরে চাল-উপহার বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট সদর উপজেলার ১৬২টি মন্দিরে সরকারি চাল বরাদ্দের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী পরিবারের মধ্যে চাল ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে ১ হাজার ৭০০ পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল ও উপহারসামগ্রী দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মন্দিরগুলোতে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। গত বছর প্রতিটি মন্দিরের জন্য ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। এবার তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে।

মন্ত্রী দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস।

এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন