কামরুল হাসান, নেত্রকোণা
প্রকাশ: ১৯:২৪, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:২৫, ১৫ অক্টোবর ২০২৬
নিহতের নাম রুকন (৩৫)। তাঁর বাড়ি সদর উপজেলার মদনপুরের পূর্বপাড়া এলাকায়। তিনি ভাড়ায় অটোরিকশা চালাতেন।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টার দিকে স্থানীয়রা জঙ্গলে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের হাত গামছা দিয়ে বাঁধা এবং পা টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত থেকে রুকন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে তাঁর স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচয় শনাক্ত করা হয়। তাঁর শ্বশুরবাড়ি মৌলভীবাজারে।
নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার জানান,খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। নিহতের হাত বাঁধা ও পায়ে টেপ প্যাঁচানো ছিল। শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন না থাকলেও চোখে রক্তাক্ত জখম রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।