কামরুল হাসান, নেত্রকোনা
প্রকাশ: ২২:২৬, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৪৭, ১৫ অক্টোবর ২০২৬
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার উতরাইল বাজারে দোকানে বসে থাকা অবস্থায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাত সোয়া ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলা টিভির নেত্রকোণা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের ফেসবুক পেজে বিভিন্ন অনিয়ম ও অপরাধ নিয়ে অনুসন্ধানী লেখালেখি করতেন। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ভারত থেকে আসা অবৈধ পণ্য এবং সীমান্ত এলাকার চোরাচালানের বিপক্ষে বিভিন্ন সময়ে নিউজ প্রকাশ করে আসছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।
বিভিন্ন সূত্রে জানা যায়, রাতে বাজারের একটি দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তরা এসে তাঁকে লক্ষ্য করে ৫টি গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, ওই সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।