মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৩:৫৮, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:০০, ১৫ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৮ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। তবে ছুটির আগে বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি ১৫ ও ১৬ অক্টোবর হওয়ায় মাঝখানে ১৭ অক্টোবর শনিবার এক দিন ক্লাস খোলা থাকছে। এদিকে, এক দিনের ক্লাসের জন্য অপেক্ষা না করে বুধবার (১৪ অক্টোবর) ক্লাস শেষ করেই বাড়ি ফিরেছেন অনেক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার ও শুক্রবার। সে অনুযায়ী, ১৫ ও ১৬ অক্টোবর সাপ্তাহিক ছুটির পর শনিবার এক দিন ক্লাস হওয়ার কথা রয়েছে। এরপর ১৮ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি থাকবে। ছুটি শেষে ২৪ অক্টোবর থেকে পুনরায় নিয়মিত ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
তবে ছুটির আগে মাঝখানে এক দিনের ক্লাস থাকায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান না করে আগেই বাড়ি ফিরেছেন। তাঁদের মতে, এক দিনের ক্লাসের জন্য ক্যাম্পাসে থেকে পরবর্তী ছুটির অপেক্ষা করার চেয়ে আগেই বাড়ি ফিরে যাওয়াই সুবিধাজনক।
একাধিক শিক্ষার্থী বলেন, “বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার মাত্র এক দিনের ক্লাস। এরপরই আবার ছুটি শুরু হবে। তাই এক দিনের ক্লাসের জন্য ক্যাম্পাসে না থেকে বুধবার ক্লাস শেষ করেই বাড়ি চলে গেছি।”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী বন্ধ থাকবে। শনিবারের বন্ধের ব্যাপারে আলোচনা সভায় উত্থাপন করা হয়েছিল। সামনে সমাবর্তন থাকায় উপাচার্য স্যার সেদিন বন্ধ দেননি বলেই এ পর্যন্ত জানা যাচ্ছে।”
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৭ অক্টোবর শনিবার নিয়মিত ক্লাস হওয়ার কথা রয়েছে। তবে ছুটির আগে এক দিনের ক্লাস থাকায় অনেক শিক্ষার্থী এরই মধ্যে বাড়ি ফিরেছেন। শনিবার (২৪ অক্টোবর) হতে নিয়মিত ক্লাস-পরীক্ষা চলমান থাকবে।