জয়পুরহাটে ২.৭৯ কোটি টাকার পুরোনো কয়েন জব্দ, আটক ২

‎আরিফুল ইসলাম, জয়পুরহাট

প্রকাশ: ২২:২৯, ১৪ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে ২.৭৯ কোটি টাকার পুরোনো কয়েন জব্দ, আটক ২

‎নওগাঁর পত্নীতলা ও ধামুরহাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন দেশের ১ হাজার ৮৭২টি পুরোনো কয়েন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব কয়েনের আনুমানিক মূল্য ২ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ১৪৩ টাকা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
‎
‎বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) ও পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) যৌথভাবে অভিযান চালায়। অভিযানে পত্নীতলা উপজেলার মাদাইনগর এলাকা ও ধামুরহাট বাজার থেকে এসব কয়েন উদ্ধার করা হয়।
‎
‎আটক ব্যক্তিরা হলেন পত্নীতলা উপজেলার মাদাইনগর গ্রামের মো. রশিদ মিয়া (৫২) এবং ধামুরহাট বাজার এলাকার মো. রুবেল মিয়া (৫০)।
‎
‎বিজিবি জানায়, উদ্ধার করা মুদ্রার মধ্যে পাকিস্তান ও ভারতের বিভিন্ন মূল্যমানের পুরোনো তামা ও রুপার কয়েন রয়েছে। এ ছাড়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের একটি বড় তামার কয়েন এবং বাংলাদেশের এক টাকার ৩২টি কয়েনও পাওয়া গেছে।
‎
‎জব্দ করা মুদ্রার মধ্যে ভারতীয় এক-চতুর্থাংশ আনার তামার কয়েনের দুটি ধরন রয়েছে, যেগুলোতে রাজা ও রানির প্রতিকৃতি খোদাই করা আছে। এ ছাড়া পাকিস্তানের পাঁচ, দশ, এক ও দুই পয়সার কয়েনসহ বিভিন্ন ধরনের পুরোনো মুদ্রা উদ্ধার করা হয়। অভিযানে সিমকার্ডসহ দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
‎
‎বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক দুই ব্যক্তি, জব্দ করা কয়েন ও মোবাইল ফোন নওগাঁর পত্নীতলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন