পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি

জাকির ফরাজী

প্রকাশ: ২৩:৩৯, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:৪৩, ১৩ অক্টোবর ২০২৬

পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি

‎আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোঃ জুলফিকার আলী হায়দার। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে তিনি শহরের  কেন্দ্রীয় কালিবাড়ি মদনমোহন জিউর আখড়াবাড়ি মন্দির ও পালপাড়া মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডিআইজি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন।
‎মতবিনিময়কালে ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার বলেন, “শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে  ইউনিফর্ম এবং সিভিল পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা বরদাশত করা হবে না। এ ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ডের বিষয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে উৎসব উদযাপন করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি সদর উপজেলা বিএনপির নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুর ইসলামসহ রাজনৈতিক দলের নেতারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর পিরোজপুর জেলার সাতটি উপজেলায় মোট ৪৬৪টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৫৭টি মন্দিরে পূজার আয়োজন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন