বাপ্পারাজকে নিয়ে ওমর সানীর আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:২৩, ২১ অক্টোবর ২০২৬

বাপ্পারাজকে নিয়ে ওমর সানীর আবেগঘন পোস্ট

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় দুই অভিনেতা ওমর সানী ও বাপ্পারাজ। একসঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন তারা। পর্দার বাইরেও দুজনের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই বন্ধুত্বের স্মৃতি তুলে ধরে বাপ্পারাজকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন ওমর সানী।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বাপ্পারাজকে ভালো মানুষ ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন ওমর সানী। একই সঙ্গে বন্ধুর হাসিখুশি স্বভাব ও দুষ্টুমির নানা দিকও তুলে ধরেন তিনি।

একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করে ওমর সানী লেখেন, বাপ্পারাজ একজন ভালো মানুষ, ভালো বন্ধু এবং দুষ্টুমি করতে ভালোবাসেন এমন একজন প্রাণবন্ত মানুষ।

অভিনেতা জানান, বাপ্পারাজের সঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন তিনি। নায়করাজ রাজ্জাকের ছেলে এবং দক্ষ অভিনেতা হওয়া সত্ত্বেও বাপ্পারাজ তাদের সঙ্গে কাজ করতেন—বিষয়টি একসময় তাকে অবাক করত। তবে বাপ্পারাজের কাছে কাজই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বন্ধুর দুষ্টুমির স্মৃতি তুলে ধরে ওমর সানী মজার ছলে লেখেন, সেই সময় মোবাইল ফোন থাকলে তাদের দুষ্টুমির অনেক ঘটনাই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যেত।

বাপ্পারাজের ব্যক্তিগত জীবনযাপন নিয়েও প্রশংসা করেন ওমর সানী। বন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বাপ্পারাজের কোনো বদ অভ্যাস নেই; বরং নিজেদেরই তার কাছ থেকে শেখার আছে।

পোস্টের শেষাংশে বাপ্পারাজকে নিয়ে গর্ব প্রকাশ করেন ওমর সানী। বন্ধুত্ব, শ্রদ্ধা আর মজার স্মৃতিতে ভরা তার এই লেখাটি দুই অভিনেতার দীর্ঘদিনের সম্পর্কেরই প্রতিফলন।

আরও পড়ুন