যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় চার বছরের সর্বোচ্চ তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:২৩, ২৩ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় চার বছরের সর্বোচ্চ তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত ঊর্ধ্বমুখী হচ্ছে।

বাজারের প্রধান বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৬ দশমিক ২০ ডলারে পৌঁছেছে। ২০২২ সালের জুনের পর এই তেলের দাম আর এত বেশি ছিল না।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। গত পাঁচ সপ্তাহের মধ্যে এটিই এ তেলের সর্বোচ্চ দাম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহব্যবস্থায় বড় ধরনের বিঘ্নের আশঙ্কা তেলের বাজারে অস্থিরতা তৈরি করেছে। সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ কমে যাওয়ার ঝুঁকি রয়েছে, যা দাম আরও বাড়িয়ে দিতে পারে।

তেলের এই মূল্যবৃদ্ধি আমদানিনির্ভর দেশগুলোর অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করতে পারে। জ্বালানি আমদানির ব্যয় বাড়লে পরিবহন ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি পণ্য ও সেবার দামেও প্রভাব পড়তে পারে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, জ্বালানি তেলের দাম দীর্ঘ সময় বেশি থাকলে এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোতে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে।

আরও পড়ুন