মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৩:১৭, ২৬ অক্টোবর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মার্চ নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ১৯, ২০ ও ২৭ মার্চ বিবেচনায় রেখেছে গুচ্ছ ভর্তি পরীক্ষার কমিটি।
সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমানসহ ভর্তি কার্যক্রমসংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।
সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ব্যবস্থাপনা, পরীক্ষা গ্রহণের প্রস্তুতি ও ভর্তি কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকার বিষয়ে সভায় একমত হন সংশ্লিষ্টরা।
সভায় জানানো হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ থেকে ২৭ মার্চের মধ্যে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ১৯, ২০ ও ২৭ মার্চ বিবেচনায় রাখা হয়েছে। তবে কেন্দ্রীয় কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত ও সময়সূচির ওপর ভিত্তি করে এসব তারিখে পরিবর্তন আসতে পারে।
ভর্তি কমিটি জানিয়েছে, গুচ্ছের কেন্দ্রীয় সিদ্ধান্ত পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও বিস্তারিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।