অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ যেন না পায় নিষিদ্ধ সংগঠন: গণপূর্ত প্রতিমন্ত্রী

মো. ‎ফরিদ আহমেদ, নেছারাবাদ (পিরোজপুর)

প্রকাশ: ১৯:৪০, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৪৩, ১২ অক্টোবর ২০২৬

অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ যেন না পায় নিষিদ্ধ সংগঠন: গণপূর্ত প্রতিমন্ত্রী

‎শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পূজামণ্ডপ ও মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদারের কঠোর নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। তিনি বলেছেন, "কোনো গুপ্তবাহিনী বা নিষিদ্ধ সংগঠন যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।"

‎আজ সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব নির্দেশনা দেন। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ, সার্কেল এএসপি প্রনয় রায়, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দীন তালুকদার, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফাসহ উপজেলার ১০২টি পূজামণ্ডপের প্রতিনিধিরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎প্রতিমন্ত্রী আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি এবং স্থানীয় প্রতিনিধিদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
‎
‎তিনি আরও নির্দেশনা দেন, পূজা উপলক্ষে সরকারিভাবে বরাদ্দকৃত সকল প্রকার অনুদান ও সহায়তা স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায্যতার ভিত্তিতে সুষ্ঠুভাবে বণ্টন করতে হবে। সরকারি সহায়তা যেন প্রকৃত প্রাপকদের কাছে যথাযথভাবে পৌঁছায় এবং বরাদ্দের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য আগাম প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।
‎
‎তিনি নেছারাবাদ উপজেলার সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন