আহমেদ বায়েজিদ, বরিশাল
প্রকাশ: ১৭:২৩, ২৬ অক্টোবর ২০২৬
দুই দশকের পথচলা পেরিয়ে ২১তম বছরে পদার্পণ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও নাগরিক সেবা সম্প্রসারণের প্রত্যয় নিয়ে নানা আয়োজনে সংস্থাটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নগরীতে বিদ্যমান চারটি থানার পাশাপাশি ভবিষ্যতে আরও চারটি থানা যুক্ত করে মোট আটটি থানার মাধ্যমে পুলিশি কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথা জানানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও যানবাহনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নগরজীবনে যানজট এবং অপরাধ নিয়ন্ত্রণের চ্যালেঞ্জও বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ প্রশাসন কাজ করছে।
তিনি বলেন, বর্তমানে চারটি থানার মাধ্যমে বরিশাল মেট্রোপলিটন পুলিশ নগরবাসীকে সেবা দিচ্ছে। ভবিষ্যতে থানার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি নগরবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, প্রতিষ্ঠার পর থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছে। বর্তমানে চারটি থানার মাধ্যমে পুলিশি সেবা দেওয়া হলেও এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, ভবিষ্যতে নতুন করে আরও চারটি থানা যুক্ত করে মোট আটটি থানার মাধ্যমে বিএমপির কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে নগরবাসীর কাছে পুলিশি সেবা আরও বিস্তৃত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার, বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৮-এর অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম, বিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল হান্নান ও সুশান্ত সরকার, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উদ্বোধন শেষে একটি আনন্দ শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৬ অক্টোবর বরিশাল মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু হয়। বর্তমানে সংস্থাটিতে প্রায় ১ হাজার ৮০০ পুলিশ সদস্য কর্মরত রয়েছেন।