পাটুরিয়া-দৌলতদিয়ায় ‘ওয়াই’ টাইপের সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের প্রধানমন্ত্রীর নির্দেশ

মোহাম্মদ মুহাজির রহমান মিঠু,মানিকগঞ্জ

প্রকাশ: ২০:৩১, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৩৩, ১৬ আগস্ট ২০২৬

পাটুরিয়া-দৌলতদিয়ায় ‘ওয়াই’ টাইপের সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের প্রধানমন্ত্রীর নির্দেশ

পাটুরিয়া থেকে কাজীরহাট এবং দৌলতদিয়া সংযোগকারী প্রস্তাবিত 'ওয়াই-টাইপ' ব্রিজের ফিজিবিলিটি স্টাডি (সংভাব্যতা যাচাই) করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান ও পরবর্তী উন্নয়ন সভা শেষে মানিকগঞ্জে সাংবাদিকদের এসব কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা। এ সময় তিনি মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন এবং জেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

​সরকারি কর্মকর্তা ও ঠিকাদারদের কড়া বার্তা

উন্নয়ন সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করে বলেন:

​দায়িত্ব পালনে বাধ্যবাধকতা: সরকারি কর্মকর্তাদের নিজ নিজ এলাকার চেয়ারে বসে নিষ্ঠার সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করতে হবে।

​অসমাপ্ত কাজের বিরুদ্ধে ব্যবস্থা: যেসব ঠিকাদার টেন্ডার নিয়ে অর্ধেক কাজ ফেলে রেখে চলে গেছেন, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে। অবহেলাকারী ঠিকাদারদের ব্ল্যাকলিস্ট (কালো তালিকাভুক্ত) করার স্পষ্ট নির্দেশনা দেন তিনি।

​মানিকগঞ্জে উন্নয়ন প্রকল্প ও বরাদ্দ

বক্তব্যে মন্ত্রী মানিকগঞ্জ জেলার চলমান ও প্রস্তাবিত বেশ কিছু বৃহৎ উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরেন:

​সদর উপজেলার উন্নয়ন: মানিকগঞ্জ সদরে গত পাঁচ মাসে ১০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া সদরের চারটি ব্রিজের জন্য আরও ৩০০ কোটি টাকার বরাদ্দ প্রক্রিয়াধীন।

​রাস্তা ও সেতু নির্মাণ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে জেলাজুড়ে সড়ক ও ব্রিজ নির্মাণে ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

​উপশহর স্থাপন: মানিকগঞ্জে দুটি উপশহর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে গজারিয়া এলাকায় ইতোমধ্যে স্থান পরিদর্শনের কাজ সম্পন্ন হয়েছে।

​মন্ত্রী জানান, এসব প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। অর্পিত দায়িত্ব সময়মতো সম্পন্ন না হলে আগামীতে কঠিন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ার করেন।

​অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ও সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন