খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন

ভবেশ ত্রিপুরা, খাগড়াছড়ি

প্রকাশ: ১১:৫৭, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:২৫, ২৬ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন

খাগড়াছড়ির ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে শুভ প্রবারণা পূর্ণিমা।

সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে বিহারে দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ সময় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী পুণ্যার্থীরা ফুলপূজা, বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বৌদ্ধ ভিক্ষুদের চীবর দান, পিণ্ডদান, সমবেত প্রার্থনা ও ধর্মদেশনা শ্রবণ করেন।

এদিকে, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিকেলে সবার হিতসুখ ও মঙ্গল কামনায় চেঙ্গী নদীতে রিশিমিং বা কল্পজাহাজ ভাসানোর আয়োজন করা হয়েছে। এ ছাড়া উপগুপ্ত ভান্তের উদ্দেশ্যে কল্পজাহাজ ভাসানোর পাশাপাশি হাজার প্রদীপ প্রজ্বালন এবং চুলামণি জাদির উদ্দেশ্যে ফানুস ওড়ানোর কর্মসূচি রয়েছে।

ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আয়োজিত এসব অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন