উজিরপুরে এসআরবির অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২৪, ২৬ অক্টোবর ২০২৬

উজিরপুরে এসআরবির অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

বরিশালের উজিরপুরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ জাকির হোসেনকে (৪০) মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বরিশালের বানারীপাড়া থানার কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি-৮-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল।

গ্রেফতার জাকির হোসেন বরিশালের উজিরপুর থানার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত জাকির হোসেন ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশী। তিনি দীর্ঘদিন ধরে কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে কিশোরী বাড়ির পাশের ডোবার পাড়ে কলমি শাক তুলতে গেলে অভিযুক্ত তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তকে গ্রেফতারের জন্য এসআরবি-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান।

এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮-এর সদর কোম্পানির আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার জাকির হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন