মহানগর এক্সপ্রেসে চড়ে মধ্যরাতে ফেনীতে প্রতিমন্ত্রী

মোঃ আবুল কালাম, ফেনী

প্রকাশ: ১৩:১৫, ২৭ অক্টোবর ২০২৬

মহানগর এক্সপ্রেসে চড়ে মধ্যরাতে ফেনীতে প্রতিমন্ত্রী

কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত রুটে মহানগর এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রথম দিনেই ট্রেনে চড়ে ফেনীতে পৌঁছেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ট্রেনটি ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

ঢাকা থেকে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেসের প্রথম দিনের যাত্রায় প্রতিমন্ত্রী ফেনী আসেন। এ সময় তিনি ট্রেনের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ফেনী স্টেশন থেকে যাত্রা শুরুর আগে যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, রেলওয়েতে যেকোনো ধরনের দুর্নীতি ও টিকিটসংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে টিকিট অনলাইনে বিক্রি করা হয়। এরপরও কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রেলওয়ের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী চান, দিন দিন রেলের উন্নয়ন ও সেবার মান বাড়ুক। এ লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কাজ করছেন। সারা দেশের উন্নয়নের পাশাপাশি ফেনীর উন্নয়নেও সরকার সচেষ্ট রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, মহানগর এক্সপ্রেস চালুর পরিকল্পনার সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু ট্রেনটির ফেনী স্টেশনে যাত্রাবিরতি এবং ফেনীর জন্য সর্বোচ্চ আসন বরাদ্দের দাবি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী তাঁর সেই দাবি পূরণ করেছেন।
তিনি আরও বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের প্রার্থীদের ভোট দিয়েছেন, ফেনীর সংসদ সদস্য রফিকুল আলম মজনু ফেনীবাসীর সেই প্রত্যাশা পূরণে কাজ করছেন। রেলওয়ের উন্নয়নসংক্রান্ত যেকোনো উদ্যোগে ফেনীবাসীর দাবিকে গুরুত্ব দেওয়া হবে।
রেলওয়ের অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অতীতে লোকোমোটিভ ও গ্যারেজের সংকট ছিল। সরকার দায়িত্ব নেওয়ার পর মিটারগেজ ও লোকোমোটিভের স্বল্পতা কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হয়েছে। রেলের সক্ষমতা ও সুযোগ-সুবিধা বাড়াতে সরকার এবং মন্ত্রণালয় কাজ করছে।
ফেনীবাসীর উদ্দেশে তিনি বলেন, মহানগর এক্সপ্রেসের যাত্রা মাত্র শুরু হয়েছে। যাত্রীরা বেশি করে টিকিট কেটে ট্রেনে চট্টগ্রাম ও কক্সবাজার ভ্রমণ করলে এ অঞ্চলে রেলের আসনসংখ্যা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ক্ষেত্রে সরকার তাঁদের পাশে থাকবে।
মহানগর এক্সপ্রেসের ফেনী স্টেশনে যাত্রাবিরতি চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের রেল যোগাযোগে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এ সুবিধার ফলে ফেনীসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন