সিলেটে চার লেন হচ্ছে বিমানবন্দর সড়ক: বাণিজ্য মন্ত্রী

সোয়েব আহামদ, সিলেট

প্রকাশ: ১১:৫৬, ২৮ অক্টোবর ২০২৬

সিলেটে চার লেন হচ্ছে বিমানবন্দর সড়ক: বাণিজ্য মন্ত্রী

সিলেট নগরের যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে একাধিক সড়ক নির্মাণ ও সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। এর আওতায় বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, লাক্কাতুরা থেকে টিভি গেট পর্যন্ত চা-বাগানের ভেতর দিয়ে নতুন সড়ক তৈরি এবং সাহেবের বাজার থেকে খাদিমনগর পর্যন্ত সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নগরের ব্লু ওয়াটার শপিং সিটিতে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, নগরের ভেতর দিয়ে ট্রাক চলাচলের চাপ কমাতে সাহেবের বাজার থেকে খাদিমনগর ইউনিয়ন পর্যন্ত বিদ্যমান ভাঙাচোরা সড়কটি ২৪ ফুট প্রশস্ত করে কংক্রিটের সড়কে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। সড়কটি খাদিমপাড়া হয়ে কালাগুল বাজারমুখী সড়কের সঙ্গে যুক্ত হবে। এতে ট্রাকগুলো আম্বরখানা হয়ে নগরের ব্যস্ত সড়ক অতিক্রম না করে বিকল্প পথে চলাচল করতে পারবে।

বিমানবন্দর সড়ক প্রসঙ্গে তিনি বলেন, বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণের উদ্যোগ রয়েছে। পাশাপাশি লাক্কাতুরা থেকে টিভি গেট পর্যন্ত চা-বাগানের ভেতর দিয়ে আরেকটি সড়ক নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট নগরের যানজট কমাতে বিকল্প সড়ক নির্মাণের পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন জরুরি। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে যানবাহন চলাচল সহজ হওয়ার পাশাপাশি পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

অনুষ্ঠানে মন্ত্রী দাবা খেলার মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন। ইমজার সভাপতি ও যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ ক্যামেরাপার্সন আনিস রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

এ ছাড়া বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ ও রাজ্জাক রুনু এবং ইমজা নিউজের সম্পাদক দেবব্রত ঘোষ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক সজল ছত্রী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন