সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা বাসে লরির ধাক্কা, নিহত ৫

সাকিব চৌধুরী, চট্টগ্রাম

প্রকাশ: ১০:৪৮, ২৭ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা বাসে লরির ধাক্কা, নিহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেরামতের জন্য দাঁড় করিয়ে রাখা যাত্রীবাহী বাসে পণ্যবাহী লরির ধাক্কায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস কুমিরা রয়েল গেট এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে বাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামতের কাজ চলছিল। এ সময় একই দিক থেকে আসা একটি পণ্যবাহী লরি বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। আহত ১০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে মো. ইব্রাহিম (৬) ও স্বপ্না (২৬) নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের বাড়ি নেত্রকোনায়। নিহত অপর তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিল। এ সময় পেছন থেকে একটি লরি বাসটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও লরি মহাসড়ক থেকে সরিয়ে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন