মোত্তাসিম সিকদার রাজীব, গাজীপুর
প্রকাশ: ১৩:২৯, ১ অক্টোবর ২০২৬
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জানাকুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পরে রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১-এর স্কোয়াড কমান্ডার দেবজিৎ পাল।
এসআরবি-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১ সিপিএসসি গাজীপুর ও সিপিসি-১ উত্তরা ঢাকার সদস্যরা যৌথভাবে রাসেল রানার বাড়িতে অভিযান পরিচালনা করেন।
এ সময় তল্লাশি চালিয়ে তাঁর শয়নকক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, আটক রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এসআরবি-১-এর স্কোয়াড কমান্ডার দেবজিৎ পাল জানান, উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র ও গোলাবারুদ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় আটক রাসেল রানার বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।