গাজীপুরে ৬ স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কোটি টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধিঃ

প্রকাশ: ২১:৫২, ১২ অক্টোবর ২০২৬

গাজীপুরে ৬ স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কোটি টাকা জরিমানা

গাজীপুরে অবৈধভাবে কাভার্ড ভ্যান ও সিলিন্ডারে গ্যাস সরবরাহ এবং আইন লঙ্ঘনের অভিযোগে ছয়টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে স্টেশনগুলোকে মোট ২ কোটি ৫ লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দিনব্যাপী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, গ্রাহকদের নির্ধারিত গ্যাস সরবরাহ বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি এবং অবৈধভাবে লরি, কাভার্ড ভ্যান বা সিলিন্ডারে গ্যাস সরবরাহের অভিযোগে সিএনজি স্টেশনগুলোতে অভিযান চালানো হয়।

অভিযানে ক্যাপটিভ সংযোগ ও সিএনজি সংযোগকে একই শ্রেণিভুক্ত দেখিয়ে অনিয়মের অভিযোগে রিয়াজ ফিলিং স্টেশনকে ২ কোটি টাকার বেশি জরিমানা করা হয়। এ ছাড়াও অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহের অভিযোগে মাহবুব ফিলিং স্টেশন, মাম সিএনজি স্টেশন, আল-হেরা সিএনজি স্টেশন, ব্লেস সিএনজি স্টেশন ও সুশল সিএনজি স্টেশনকে এক লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ছয়টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গ্যাস খাতে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুদক।

এ বিষয়ে দুদকের গাজীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক বলেন, গ্যাস খাতে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন