খাগড়াছড়ি-রাঙামাটিতে আধাবেলা সড়ক অবরোধ চলছে

ভবেশ ত্রিপুরা, খাগড়াছড়ি

প্রকাশ: ১১:২৯, ২৪ অক্টোবর ২০২৬

খাগড়াছড়ি-রাঙামাটিতে আধাবেলা সড়ক অবরোধ চলছে

সাজেকে অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে।

শনিবার (২৪ অক্টোবর) ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকে এ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

অবরোধের কারণে খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কসহ জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। সকালে খাগড়াছড়ির দক্ষিণ খবরপড়িয়া এলাকায় অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়ক থেকে টায়ার সরিয়ে নেন।

অবরোধের কারণে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মর্তুজা আলী খান জানান, অবরোধকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাঙামাটির সাজেকে জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচিতে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ ওঠে। এসব ঘটনার প্রতিবাদ এবং সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক অবরোধের ঘোষণা দেয় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন