রোয়াংছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মহা প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

​চিংনুমং মারমা,রোয়াংছড়ি, বান্দরবান 

প্রকাশ: ২২:১২, ২৮ অক্টোবর ২০২৬

রোয়াংছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মহা প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন

বান্দরবানের রোয়াংছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘মহা প্রবারণা পূর্ণিমা’ অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। চার দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আনুষ্ঠানিকতার পর আজ ২৮ তারিখ সন্ধ্যায় বর্ণাঢ্য রথযাত্রার মাধ্যমে উৎসবের পর্দা নামে।

গত ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসবে উপজেলার বিভিন্ন বিহারে নানা কর্মসূচি পালিত হয়। উৎসবের শেষ দিন আজ ২৮ তারিখ সন্ধ্যায় ৬টায় ঐতিহ্যবাহী রথযাত্রার মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা শেষ হয়।
​রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারের অধ্যক্ষ ও পার্বত্য চট্টগ্রাম ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত উ: পঞ্ঞা নাইন্দা মহাথের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার শুভ উদ্বোধন করেন।

উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মাওসেতুং তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "উপজেলার বিভিন্ন স্থানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। এ ধরনের শান্তিপূর্ণ আয়োজন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করে।" তিনি উৎসব সফল করার জন্য সংশ্লিষ্ট উদযাপন কমিটি ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান।

প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন কমিটির আহ্বায়ক বাবু অংশৈচিং মারমা জানান, রোয়াংছড়ির কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকলের সম্মিলিত সহযোগিতায় চার দিনব্যাপী এই ধর্মীয় উৎসব অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এলাকার হেডম্যান, কারবারি এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রথযাত্রা ও সমাপনী অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো রোয়াংছড়ি এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীসহ সকল স্তরের মানুষের মাঝে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন